সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে হিন্দু অধ্যুষিত একটি পাড়ায় অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার রাতে দূর্বৃত্তরা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

বিভিন্ন সূত্রে জানা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে ঐ পাড়ার সংখ্যালঘু পরিবারগুলোকে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করে ভোট বিরোধী ঐ গ্রামের নেতৃবৃন্দ। তাদের কথা অমান্য করে ভোট দিতে ভোট কেন্দ্রে যাওয়ার অপরাধে তাদের উপর এই নাশকতা চালানো হয়। মঙ্গলবার রাতে একই পাড়ায় লালচাঁন,উপেন ও নিখিল নামের ৩ ব্যক্তির আঙ্গিনায় রাখা বিশাল কয়েকটি খড়ের স্তু‘পে একযোগে আগুন দিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। আগুন দেখে গ্রামবাসী এগিয়ে আসলে সকলের সম্বলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসলে সংখ্যালঘু পরিবারগুলোর শেষ রক্ষা হয়। এই ঘটনায় ঐ সকল পরিবারের মধ্যে আতংক বিরাজ করছে।
খবর পেয়ে নবনির্বাচিত আওয়ামীলীগের এমপি আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে অভয় প্রদান করে বলেন, নাশকতাকারীরা যারাই হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে। এব্যপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।




