ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারির বিরুদ্ধে কমিটি গঠনে স্বজনপ্রীতি,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে স্থানীয় গ্রামবাসিরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার খর্নিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বামুন্দিয়া গ্রামবাসীর উদ্যোগে গত ১০ অক্টোবর’ একটি বাড়ি একটি খামার প্রকল্পের সভা অনুষ্টিত হয়। তখন বামুন্দিয়া গ্রাম উন্নয়ন সমিতি’ নামকরন করে স্থানীয় পবিত্র মল্লিককে সভাপতি ও কমল মল্লিককে ম্যানেজার নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি এবং নারী-পুরুষ মিলে ৬০ জন সাধারন সদস্যকে নিয়ে সমিতি গঠিত হয়। এরপর ৬ ডিসেম্বর বিকেল ৪টায় স্থানীয় বামুন্দিয়া প্রাথঃ স্কুলে সভাপতি পবিত্র মল্লিকের সভাপতিত্বে অনুষ্টিত সভায় নিয়ম অনুযায়ী সমিতির ব্যাংক হিসাব খোলার সিন্ধান্ত ও ১৮জন সদস্য তাদের ৫ মাসের সঞ্চয়ের টাকা জমা দেন এবং ১০ তারিখে ডুমুরিয়া সোনালী ব্যাংকে সমন্বয়কারী মোঃ আসাদুজ্জামান ও ম্যানেজার কমল মল্লিকের যৌথ স্বাক্ষরে সঞ্চয়ী হিসাব নং-০০২২১০৮২৮’এ ১৮হাজার টাকা জমা হয়। কয়েকদিন পর ম্যানেজার কমল অন্যান্য সদস্যদের আদায়কৃত ৫৪হাজার টাকা জমা প্রদানে গেলে সমন্বয়কারী মোঃ আসাদুজ্জামান শেখ টাকা পরে জমা হবে বলে জানান। পরবর্তী জানুয়ারী মাসে দেখা যায় ওই গ্রামের তুলশি দেবনাথ নামে একজন ম্যানেজার হিসাবে সঞ্চয়ের টাকা সংগ্রহে যান। তখন ঘটনা জানাজানির পর সমিতি’র সভাপতি ম্যানেজারসহ অন্যান্য সদস্যবৃন্দরা জানতে পারেন সমন্বয়কারি মোঃ আসাদুজ্জামান স্বজনপ্রীতি ও দুর্নীতি করে পুনরায় আরেকটি কমিটি করেছেন। এব্যাপারে স্থানীয় গ্রামবাসীরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে সমন্বয়কারী মোঃ আসাদুজ্জামান বলেন,ওই সমিতি প্রথম পর্যায়ে গঠিত হওয়ার পরে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের কথামত একটু পরিবর্তন করা হয়েছে। এখানে আমার কিছুই করার নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামছু-দ্দোজা জানান, বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্ট দপ্তরে বলা হয়েছে।




