শ্যামলবাংলা ডেস্ক : চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরুতেই দুই উইকেট হারিয়ে ৪২৬ রানে প্রথম ইনিংসে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। স্বাগতিকদের দুটি উইকেটই নিয়েছেন অজন্তা মেন্ডিস। ক্যারিয়ারসেরা ৯৯ রানে ৬ উইকেট নিয়ে এই স্পিনারই শ্রীলঙ্কার সেরা বোলার। এ নিয়ে ৪ বার ৫ উইকেট নিলেন তিনি।

চতুর্থ দিনের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। আগের দিন ৩০ রান নিয়ে অপরাজিত মাহমুদুলাহ রিয়াদ কোনো রান না করেই সাজঘরে ফিরে যান। এক ওভার বিরতির পর আবার আঘাত। আল-আমিন হোসেনকে বোল্ড করে স্বাগতিকদের গুটিয়ে দেন মেন্ডিস। প্রথম ইনিংসে ৫৮৭ রান করায় ১৬১ রানের লিড পায় শ্রীলঙ্কা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে ৪০৯ রান নিয়ে খেলা শুরু করেছিল বাংলাদেশ।
এদিকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে ১৮ ওভারের খেলা শেষে সফরকারী শ্রীলংকাদের সংগ্রহ ২ উইকেটে ৫৪ রান। কুমার সাঙ্গাকারা ৫ এবং মাহেলা জয়াবর্ধনে ৪ রান নিয়ে ব্যাট করছেন। দলীয় ৩৬ রানেই দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেটটি হারায় সফরকারীরা। উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুণারতেœকে স্লিপে নাসির হোসেনের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান বাংলাদেশি ডানহাতি স্পিনার মাহমুদুলাহ। করুণারত্বে করেন ১৫ রান। এরপর ৪৯ রানে ডি সিলভাকেও এলবিডব্লিউ’র ফাদে ফেলেন সেই মাহমুদুলাহই। আউট হওয়ার আগে তিনি করেন ২৯ রান।




