এস.এম.তারেক নেওয়াজ, হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে ইরি-বোরো চারা সংকট সত্বেও তীব্র শীত, কুয়াশা ও হিমেল হাওয়া উপেক্ষা করে উপজেলার প্রত্যন্ত গ্রাম-গঞ্জের কৃষকরা বোরো আবাদে এখন ব্যাস্ত সময় কাটাচ্ছেন। কাজের চাপে তাদের যেন দম ফেলার ফুসরত নেই।
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানায়ায়, উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় উফসি ৬ হাজার ৯৮২ হেক্টর ও হাইব্রীড ১৪৪ হেক্টরসহ ৭ হাজার ১২৬ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নিয়ে প্রায় ৪৯০ হেক্টর জমিতে কৃষকরা বোরো বীজ তলা তৈরি করেন।কিন্তু কোল্ডইনজুরিতে অনেকের বীজতলা নষ্ট হওয়ায় ইরি-বোরো চারা সংকটে তারা বেশি দাম দিয়ে কিনে রোপন করছেন। এতে বোরো আবাদে ব্যায় বেড়ে যাবে বলেও কৃষকরা জানান।
উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের কৃষক কফিল উদ্দিন,জালাল মিয়াসহ অনেকেই জানান, এ বছর বোরো বীজের সংকট থাকায় বেশি দাম দিয়ে বীজ সংগ্রহ করে বীজ তলা তৈরি করলেও তীব্র শীত ও ঘন কুয়াশার কারনে তাদের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় প্রতি আটি ইরি-বোরো ধানের চারা ১০-১৫ টাকায় কিনে জমিতে রোপন করছেন। কেউ কেউ চারা সংকটের কারনে বোরো আবাদ বাদ দিয়ে অন্য ফসলের চিন্তা করছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আহম্মদ জানান, বোরো চারার তেমন কোন সংকট নেই।তবে চলতি মওসুমে সেচ সংকট ও প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে পারলে এ বছর বোরো ধানের বাম্পার ফলনসহ অর্জিত লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।




