শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের তামাগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন তামাগাঁও গ্রামের মজিবর রহমানের ছেলে মিলন (২৭) এবং নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রামের জবেদালীর ছেলে আশরাফুল (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার একটি অভিযানিক দল তামাগাঁও এলাকায় মিলনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৬২ পিস ইয়াবা জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




