কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর শেরপুর জেলার কৃতি সন্তান ড. মো. হাবীবুর রহমান। গত ২৭ জুলাই সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সহকারী সচিব সুলতান আহমদ সাক্ষরিত এ নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ইতোমধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছেন।

জানা যায়, ড. মো. হাবীবুর রহমান শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের বেতমারি মণ্ডলবাড়ির কৃতি সন্তান। তিনি স্থানীয় ফটিয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মতিউর রহমানের ছেলে। শিক্ষাজীবনে তিনি শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন। এরপর জামালপুরের নান্দিনা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভের পর ১৯৯১ সালে লেকচারার হিসেবে একই বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন শুরু করেন।
পরবর্তীতে তিনি জাপানের ইহিমে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। এরপর তিনি মিয়ে জাপানের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব একুয়া কালচার থেকে পোস্ট ডক্টরেট ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে জাপানে ইবারাকি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার ফ্যাকাল্টিতে দুই বছর প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।
দেশি ও আন্তর্জাতিক জার্নালে ড. মো. হাবীবুর রহমানের ৭০টির অধিক লেখা প্রকাশিত হয়েছে। তিনি ১০০ জনের অধিক ছাত্রছাত্রীর এমএসসি, এমফিল ও পিএইচডি গবেষণায় তত্বাবধায়ক হিসেবে ছিলেন।

এদিকে ড. মো. হাবীবুর রহমান কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন শেরপুরের বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।




