নিঃসঙ্গ হতে হতে আমি অস্পৃশ্য ঈশ্বর হবো
তোমার মোহন শোভন অম্লান চোখ
মধুবর্ষী হাসি মুখ চিকন চিরল দাঁত
অকলঙ্ক শাদা শাদা মন কিচ্ছু চাইনা

মেঘের উপমা তোর কালো চুল আর
উপচে পড়া ঠোঁটের ভালোবাসাটুকু
যা হৃদয়ের না, স্বার্থ ভরা প্রেম চাই না
আমি বেদনার সুরে বাজাব বেহালা
তারের করুণ ক্রন্দন তোমাকে ডেকে
জানাবে বাঁধন ছেঁড়া গানের নিমন্ত্রণ
নিঃসঙ্গ হতে হতে আমি হবো ঈশ্বর।

আমি চাই না তোমার ওই হরিণ চোখ
যে হৃদয়ে তালা দিয়ে করোজ্জ্বল
মুখ সহাস্যে লুকাও তুমি ভালোবাসাহীন
তোমার প্রেম নিবেদন কাম্য নয় জানি।
আমি মরে যেতে যেতে সুধাব তারে
মৃত্যুর দূত এসে শোকে মুহ্যমান হলে
বলব তারে সে কি ভালোবাসে আমারে
দূত নিরুত্তর: আমি নিঃসঙ্গ ঈশ্বর।




