শ্যামলবাংলা ডেস্ক : যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপির ৫ নেতাকে হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই ৫ নেতা হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন। ১৯ জানুয়ারী রবিবার বিকেলে হয়রানি ও গ্রেপ্তারের আশঙ্কা থেকে করা পৃথক রিটের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি ওই আদেশ দেন।

আদালতে তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। সহায়তা করেন আইনজীবী আনোয়ারুল ইসলাম এবং এ কে এম এহসানুল রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে আনোয়ারুল ইসলাম জানান, নতুন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হতে পারে। এ আশঙ্কা থেকে তাঁদের পরিবারের সদস্যরা পৃথক রিট করেন। শুনানি নিয়ে আদালত রুল জারি করে এ আদেশ দেন।
উলেখ্য, গত ৮ নভেম্বর মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার ও শামসুর রহমান শিমুল বিশ্বাসকে এবং ২৫ ডিসেম্বর সরদার সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়।




