শেরপুরের নালিতাবাড়ীতে হাতি-মানুষের সহাবস্থানে কনটেন্ট ক্রিয়েটর ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ৫ জুন শুক্রবার উপজেলার মধুটিলা ইকোপার্কে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ওইসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, বনবিভাগের সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন, নেজারত ডেপুটি কালেক্টর রাজীব সরকারসহ স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যবৃন্দ এবং সুধীজন।
মতবিনিময় সভায় মানব-হাতি সংঘাত নিরসন, বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল কনটেন্ট তৈরির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এ সময় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এর ধারা ১০-এর বিধান সম্পর্কে আলোকপাত করা হয়। বিশেষ করে বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়। এ ধরনের নিষ্ঠুর আচরণের মধ্যে বন্যপ্রাণীকে প্রহার, উত্যক্ত করা, ভীতি প্রদর্শন করা, বৈদ্যুতিক তারের বেড়ি বা ফাঁদ ব্যবহার করে হত্যা করাসহ বিভিন্ন কর্মকাণ্ড অন্তর্ভুক্ত।

জেলা প্রশাসক বলেন, বন্যপ্রাণী প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি স্থানীয় কনটেন্ট ক্রিয়েটরদের সঠিক তথ্যভিত্তিক ও জনসচেতনতামূলক কনটেন্ট তৈরির মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি উপস্থিত সুধীজনকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এর বিধান মেনে চলার অনুরোধ জানান এবং মানব-হাতি সহাবস্থান নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।




