‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’ এ প্রতিপাদ্যকে সামনে শেরপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৫ মে সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ওইসময় তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও বিদ্রোহী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা চিরকালীন। যুগে যুগে মানুষের মুক্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নজরুলের সাহিত্য ও দর্শন প্রেরণার উৎস হয়ে থাকবে এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কলাকুশলী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।




