অস্বীকার জামায়াতের
শেরপুরে বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার ধানের শীষ প্রতীকের নির্বাচনী এজেন্টকে পথ আটকিয়ে মারধর ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ উঠেছে জামায়াতের কর্মীদের বিরুদ্ধে। ১৪ ফেব্রুয়ারি শনিবার রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া-বালুরঘাট নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত গিয়াস উদ্দিন রাসেল মিয়াকে (৩৫) শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শেরপুর-১ (সদর) আসনে তার নিজ গ্রাম হেরুয়া বালুরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থীর নির্বাচনী পোলিং এজেন্ট ছিলেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি দৈনিক ভোরের চেতনা নামে একটি পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে রয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে রাসেলের সাথে পূর্ব শত্রæতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন জামায়াত নেতারা।

হাসপাতালে চিকিৎসাধীন রাসেল অভিযোগ করে বলেন, আমি বিএনপি করি, ধানের শীষের নির্বাচনী এজেন্ট ছিলাম। এ কারণে ক্ষুব্ধ হয়ে আমার ওপর জামায়াতের কর্মী-সমর্থকরা হামলা চালিয়েছে। জামায়াতের সমর্থক স্থানীয় কেরামত, জামাল, সোহেল, মনির ও তার ভাইয়ের নেতৃত্বে ১২/১৩ জন মিলে আমার ওপর অতর্কিত এ হামলা চালিয়েছে। আমি প্রাণ বাঁচাতে একটি দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়েও আমাকে মারধর করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। আমি এ হামলার বিচার চাই।
সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, শেরপুর সদরে জামায়াতের এমপি নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাসেলের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। এ ঘটনায় বিএনপির এমপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা প্রতিবাদ জানিয়ে দ্রæত ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান বলেন, রাসেলের অভিযোগ ভিত্তিহীন। সে ঘটনার পর ভিডিওতে একবার বলেছে কাউকে চিনতে পারেনি। আবার আজকে কয়েকজনের নাম জড়াচ্ছে। সে আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। পূর্বের স্থানীয় কোন দ্বন্দ্বের কারণে তার উপর হামলা হতে পারে। জামায়াতের কোন কর্মী-সমর্থক কারও উপর হামলা করেনি। এ ঘটনায় জামায়াতকে জড়ানোয় আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনাটি জেনেছি। ঘটনার বিষয়ে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।




