মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে সিএনজি চালিত অটোরিকশা চালক হত্যা মামলার ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ জানুয়ারি বুধবার গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের বাহারমদন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল মতিন (৩০), সোহেল মিয়া (২৮), আব্দুল কালাম (২৮), টিটু মিয়া (২৬), শাহজাহান (২৬), অয়েছ মিয়া (২৩) ও ফিরোজ মিয়া (২৫)। তাদের বাড়ি মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ জানুয়ারি) হবিগঞ্জ জেলার বাহুবল এলাকা থেকে অটোরিকশা ভাড়া নিয়ে সোমবার (১৩ জানুয়ারি) চালক সিরাজ মিয়াকে (৩৫) খুন করে শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডের চা বাগান এলাকায় লাশ ফেলে রেখে যায় তারা। পরে পুলিশ সেখান থেকে সিরাজের লাশ উদ্ধার করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অটোরিকশা চালককে খুন করেছে বলে স্বীকার করেছে।
মৌলভীবাজারে মাদক ব্যবসায়ী আটক
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের পৌরশহরের ক্লাব রোড এলাকার পৌরসভা কলোনি থেকে ১০ পিস ইয়াবাসহ সুজন দাস (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে তাকে আটক করা হয়। সুজন ক্লাব রোড এলাকার পৌরসভা কলোনির মৃত বিন্দা দাসের ছেলে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোঃ আব্দুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, সুজন দাস দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ।




