ads

শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, নিহত ১

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২৫ ১:২০ অপরাহ্ণ

কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। জাহাজটির নাম ‘এমভি আটলান্টিক ক্রুজ’। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। রক্ষা পেয়েছেন যাত্রার জন্য ঘাটে অপেক্ষারত ১৯৪ জন পর্যটক। ২৭ ডিসেম্বর শনিবার সকাল পৌনে ৭টার দিকে কক্সবাজার সদরের নুনিয়াছটার বিআইডব্লিউটিএ জেটি ঘাটে আগুনের এ ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখার সময় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কোস্টগার্ডসহ প্রশাসনের স্বেচ্ছাসেবক দল।

Shamol Bangla Ads

জাহাজমালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর আগুনের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমভি আটলান্টিক ক্রুজ প্রতিদিন প্রায় দুই শতাধিক পর্যটক পরিবহন করে আসছে। আজ সকালেও সেন্ট মার্টিনে যাত্রী নেওয়ার উদ্দেশ্যে জেটিঘাটে ভেড়ার চেষ্টা করছিল জাহাজটি। এ সময় জাহাজটিতে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো জাহাজে আগুন ছড়িয়ে পড়ে।

কক্সবাজার ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, জাহাজের কর্মচারী নুর কামালের (৩৫) পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। আর কেউ আছেন কিনা খোঁজা হচ্ছে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।

Shamol Bangla Ads

এদিকে জাহাজে আগুন ধরার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক মো. আবদুল মান্নানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা প্রশাসক বলেন, বড় বিপদ থেকে পর্যটকেরা রক্ষা পেলেন। জাহাজে আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

জাহাজ পরিচালনা কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, ‘জাহাজটির পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার সময় জাহাজে কোনো পর্যটক ছিলেন না। ওই জাহাজের পর্যটকদের অন্য জাহাজে করে সেন্ট মার্টিন পাঠানো হয়েছে।’

আটলান্টিক ক্রুজে আগুন লাগায় জেটিঘাটে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। ঢাকার যাত্রাবাড়ীর ব্যবসায়ী ও জাহাজটির যাত্রী মীর আসলাম বলেন, চার দিন আগে তিনি আটলান্টিক ক্রুজের টিকিট কেটেছেন। স্ত্রী ও এক মেয়েকে নিয়ে জাহাজে ওঠার জন্য জেটিঘাটে অপেক্ষায় ছিলেন। এ সময় দেখতে পান ঘাটের দিকে ভিড়তে থাকা জাহাজটিতে আগুন লেগেছে। তিনি বলেন, ‘আল্লাহ আমাদের বড় বিপদ থেকে রক্ষা করেছেন। একটু পর এই দুর্ঘটনা হলে সবাই বিপদে পড়তাম।’

জানা গেছে, সকাল ৭টায় শহরের নুনিয়াছটা বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে প্রায় দুই হাজার পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা করেছে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ, এমভি আটলান্টিকসহ ছয়টি জাহাজ। ১২০ কিলোমিটারের গভীর সমুদ্রপথ পাড়ি দিয়ে জাহাজগুলো সেন্ট মার্টিন জেটিঘাটে পৌঁছাবে বেলা দেড়টা নাগাদ। বেলা তিনটার দিকে আগের দিনে যাওয়া পর্যটকদের তুলে জাহাজগুলো আবার কক্সবাজার ফিরে আসবে। এভাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত টানা দুই মাস পর্যটকদের জন্য সেন্ট মার্টিন ভ্রমণ ও রাত যাপনের সুযোগ রাখা হয়েছে। প্রতিদিন দুই হাজার করে পর্যটক সেন্ট মার্টিন যেতে পারছেন।

‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘আজ ১ হাজার ৯৯৩ জন যাত্রী নিয়ে পাঁচটি জাহাজ সেন্ট মার্টিন গেছে।’

Need Ads
error: কপি হবে না!