স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১২ জুলাই বুধবার শহরের খরমপুর এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগে মতিন আইসক্রিম ফ্যাক্টরির মালিক আব্দুল মতিনকে ৫ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত উল আলম। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার পরিবেশনের দায়ে আরও দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না আকতার শারমিন এবং মুহাম্মদ আরাফাতুল আলম।
জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার সহকারী কমিশনার শরীফ উল্যাহ ওই তথ্য নিশ্চিত করে জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। এজন্য জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম চলছে।








