আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে এখনো ‘সবুজ সংকেত’ দেওয়া হয়নি জানিয়েছে বিএনপি। দলের প্রার্থী মনোনয়নের বিষয়টি পার্লামেন্টারি বোর্ডে চূড়ান্ত হবে। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওই কথা জানান।

রিজভী বলেন, কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় কার্যক্রমে যার পারফরম্যান্স ভালো, তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করা হবে। বিএনপির মনোনয়ন প্রক্রিয়া দলের গঠনতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন হয়, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন বা যেকোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করে। বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। আমাদের পার্লামেন্টারি বোর্ড, যা স্ট্যান্ডিং কমিটি নামে পরিচিত, তার সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তফসিল ঘোষণার পর দলের কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পত্রপত্রিকায় প্রকাশিত কোনো মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারাদেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।




