এম. এ করিম মিষ্টার, নীলফামারী : বিরোধী দলের অবরোধে বিপাকে পড়া নীলফামারীর আগাম আলু চাষিরা এবার ঘন কুয়াশার কবলে পড়েছে। আলুর ভয়াবহ দরপতনে লাভতো দূরের কথা আসল নিয়েই শংকিত তারা। কেজি প্রতি আলুর উৎপাদন খরচ বাজারজাত পর্যন্ত যেখানে ৭-৮ টাকা সেখানে দেশী লাল আলু বিক্রি হচ্ছে ৮-৯ টাকা কেজি দরে। এছাড়া গ্রানুলা জাতের আলু বিক্রি হচ্ছে অনেকটাই পানির দরে ৪-৫ টাকা কেজিতে। আলুর দাম নিয়ে কৃষক যখন মহাফাঁপড়ে তখন গোদে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে শৈত্য প্রবাহ আর ঘন কুয়াশা। এদিকে স্থানীয় বাজার থেকে আলু সংগ্রহ করে আরেক বিপদে পড়েছেন খুচরা ও মাঝারি আলু ব্যবসায়ীরা। পরিবহন যোগাযোগ বন্ধ থাকায় আলু নিয়ে তারা পড়েছেন বিপাকে। অবরোধে পরিবহন বলতে যখন একমাত্র রেল যোগাযোগ তাও অনিশ্চিত হয়ে পড়ায় নীলফামারী রেল স্টেশনে শত শত আলুর বস্তা স্তূপ হয়ে পড়ে আছে।




