বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতেও বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫ টায় উপজেলা শহরের নিলামপট্টি এলাকা থেকে বিএনপি নেতা দুলাল চৌধুরীর নেতৃত্বে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চৌধুরী।
নালিতাবাড়ী শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম, নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি রহুল আমিন, যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, রূপনারায়ণকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দল পুনর্গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্ব অপরিহার্য। তাই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে।




