মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জাকের আলীর ৪৮ বলে ৫৫ রানের ইনিংসেই গড়ে ওঠে ম্যাচের ভিত। সহজ ম্যাচ কঠিন করে স্বাগতিকরা ম্যাচ জেতে ৮ রানে। এতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এটি পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জয়। এবার লক্ষ্য হোয়াইটওয়াশ, এমনটাই জানালেন দলের অন্যতম নায়ক জাকের আলী।

ম্যাচ শেষে জাকের বলেন, আমরা পাকিস্তানকে শেষ ম্যাচে হালকাভাবে নেবো না। আমরাও জেতার জন্য খেলবো। ম্যাচ জেতা জেতাই। ওরাও খুব ভালো ফাইট করেছে। আমাদের লক্ষ্য থাকবে শেষ ম্যাচ জিতা। অবশ্যই হোয়াইটওয়াশ করা আমাদের লক্ষ্য।
নিজের ব্যাটিং উন্নতি নিয়েও কথা বলেন জাকের, প্র্যাকটিসে কিছু সেটআপ পরিবর্তন করেছি। বিপিএলের সময় ব্যাটিং কোচের সঙ্গে কাজ করেছিলাম। আমি শুধু রান নয়, ম্যাচ জেতানো ইনিংসকেই গুরুত্ব দিই।

বোলারদের প্রশংসাও করেছেন এই ডানহাতি ব্যাটার, বোলাররা খুব পরিষ্কার ভাবনায় বল করছে। যে পরিকল্পনাগুলো করছি, সেগুলো কাজে দিচ্ছে। কোচের সঙ্গে ভালো সমন্বয় হচ্ছে সবার।




