দেশের জনপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা মা হয়েছেন। থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। মা ও সদ্যোজাত শিশু ২জনেই সুস্থ আছে বলেই জানা গেছে।

জানা যায়, কন্যার নাম রেখেছেন মরিয়াম সর্বজয়া শানু আজাদ। ২১ জুন শনিবার রাতে ফেসবুকে মা হওয়ার খবর জানিয়ে স্বাগতা লেখেন, মরিয়াম সর্বজয়া শানু আজাদ, পৃথিবীতে স্বাগতম। এর আগে গত ফেব্রুয়ারি মাসে অর্থাৎ বিয়ের এক বছরের মাথায় মা হওয়ার খবর জানান স্বাগতা নিজেই। এরপর ২ পরিবারের সবাই আনন্দিত ছিল বলেও তখন জানান অভিনেত্রী।
শুরুতে দেশের হাসপাতালের অধীনে চিকিৎসা নিলেও নরমাল ডেলিভারির সম্ভাবনা কম থাকায় চিকিৎসক ও হাসপাতাল বদল করেন। বর্তমানে থাইল্যান্ডে এক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। সেখানে গিয়ে স্বাগতা বলেছিলেন, আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি। বাংলাদেশের অনেক ডাক্তার বলেছেন আমি ভুল করছি, কিন্তু আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করবো যেন স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। লন্ডনপ্রবাসী হাসান একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা ও পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী।




