বিএনপি যোগ-বিয়োগ বোঝে না, এজন্যই দলটি দেশের রিজার্ভ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী। তিনি ১৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন।

মতিয়া চৌধুরী বলেন, সারাদেশে বিএনপি যে সমাবেশ করছে এতে সরকার পরিবহন বন্ধ করছে না, বরং নিরাপত্তার কারণে পরিবহন মালিক সমিতি বন্ধ করতে পারে, সেটি পরিবহন মালিকদের বিষয়। আর ইন্টারনেট বন্ধের বিষয়টি অসমর্থিত কথা, কারণ আমেরিকার ইন্টারনেট রাশিয়া বন্ধ করতে পারে না, রাশিয়ারটা আমেরিকা বন্ধ করতে পারে না, আর আমাদের দেশে ইন্টারনেট বন্ধের কথাটি অসমর্থিত।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার আমলে বিনামূল্যে বাংলাদেশে ফাইবার অপটিক ক্যাবল সংযোগের সুযোগ ছিল। কিন্তু বান্দর তো আর কর্পূরের মর্ম বুঝে না। তাই খালেদা জিয়ার অজ্ঞতায় সেই সুযোগ বাংলাদেশ হাতছাড়া করেছে। কিন্তু শেখ হাসিনা পয়সা খরচ করে দেশকে অপটিক ফাইবার ক্যাবলে যুক্ত করেছেন। আর খালেদা আজ স্কাইপে ছেলের সাথে কথা বলে সেই ক্যাবলের সুবিধা ভোগ করছেন।

মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর তৈরি করা পার্টি আমরা সকলেই করবো। হোক সে ছাত্র, হোক সে যুবক, হোক সে বয়স্ক, হোক সে কৃষক, হোক সে শ্রমিক, হোক সে শিক্ষিত বা চাকুরীজীবি। আমরা সবাই মনে করি আমরা একসঙ্গে লড়াই করবো ক্ষুধা-দারিদ্র্য, কুসংস্কার ও অন্ধকারের বিরুদ্ধে। আমরা উজ্জ্বল আলোকিত দ্বীপ একসঙ্গে হাত ধরে হাটবো এটাই আমাদের শপথ।
এর আগে দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল। উপজেলা আওয়ামী লীগের বিদায়ী যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক।
সম্মেলনে প্রথম অধিবেশনের শেষ পর্যায়ে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি।
সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন। দীর্ঘ সাত বছর পর সম্মেলনকে ঘিরে উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
পরে সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রূপনারায়ণকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এএইচএম মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি, সদ্য বিলুপ্ত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী।




