পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি
শেরপুরের নালিতাবাড়ীতে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ৫৪ জনের নামে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের হয়েছে। ২৭ মে মঙ্গলবার সন্ধ্যায় হামলায় আহত এখন টিভি ও বাসসের প্রতিনিধি জাহিদুল খান সৌরভ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় দ্রুত বিচার আইনে ওই মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, তার ভাই নূরে আলম শাহিনসহ ১৪ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। একইসাথে অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
এদিকে মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক। মঙ্গলবার বিকেলে তিনি নালিতাবাড়ী উপজেলার দাওধারা গারো পাহাড়ে নির্মাণাধীন পর্যটন কেন্দ্র এলাকা পরিদর্শনে যান। পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি সাংবাদিকদের বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এজন্যই আমরা সরেজমিনে পরিদর্শনে এসেছি। এ বিষয়ে যা যা আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার, তা গ্রহণ করা হবে। ওইসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

উল্লেখ্য, এর আগে সোমবার নালিতাবাড়ীর দাওধারা গারো পাহাড়ে প্রস্তাবিত পর্যটন কেন্দ্রে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের পরিদর্শনকালে সাংবাদিকরা তার কাছে পাহাড় কেটে বালু ও পাথর উত্তোলন, বন দখল ও হাতির অভয়াশ্রম নিয়ে প্রশ্ন করেন। পরে উপদেষ্টা চলে যাওয়ার সময় তার গাড়ি আটকে কিছুক্ষণ বিক্ষোভ করেন এবং তার গাড়িবহর চলে যাওয়ার পরপরই কয়েকজন স্থানীয় বিক্ষুব্ধ ব্যক্তি উপস্থিত সাংবাদিকদের হেনস্তা ও মারধর করেন। এ ঘটনায় ৬ জন গণমাধ্যমকর্মী আহত হন।
এদিকে এ ঘটনায় শেরপুর প্রেসক্লাব জরুরি বৈঠক ডেকে নিন্দা প্রস্তাব পাশ করেছে। ঘটনায় জড়িত মূল হোতারা দ্রুত গ্রেফতার না হলে ২/১ দিনের মধ্যে কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।




