শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৯নং মরিচপুরান ইউনিয়ন পরিষদের ২ বার নির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলী সরকার মারা গেছেন। ১৬ এপ্রিল বুধবার ভোর রাতে তিনি নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে বুধবার বাদ আছর গোজাকুড়া নতুন কবরস্থান মাঠে তার নামাজেহ জানাযা শেষে সেখানেই তাঁর দাফন করা হয়।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত একটা পর্যন্ত তিনি ইউনিয়ন পরিষদের কাজে পরিষদেই ব্যস্ত ছিলেন। বাড়ি ফিরে খাওয়া-দাওয়া শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৬টার দিকে তার সহধর্মীনি ডাকাডাকি করলে সাড়াশব্দ না পেয়ে পরিবারে অন্যদের ডাকাডাকি করেন। পরে পরিবারের লোকজন তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে আরও জানা যায়, ঘুমানোর আগে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে গ্যাস্ট্রিক ভেবে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থাতেই তিনি মারা যান।

আইয়ুব আলী সরকারি নাজমুল স্মৃতি কলেজের সবশেষ ছাত্র সংসদের এজিএস ছিলেন। এছাড়াও তিনি নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ছিলেন।




