শেরপুরের নালিতাবাড়ীতে চেল্লাখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১৭ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। একইসাথে জব্দ করা হয়েছে একটি মোটর সাইকেল ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। ২২ মার্চ শনিবার দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারি জামে মসজিদের পাশে অবৈধ বালু উত্তোলনের কারণে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি। ওইসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে ১৭ টি ড্রেজার মেশিনসহ বালু তোলার অন্যান্য সরঞ্জামাদি ধ্বংস করা হয়।
অভিযানকালে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




