ads

রবিবার , ৬ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই, মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৬, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ

আসন্ন দুর্গাপূজায় মণ্ডপে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, দুর্গাপূজা এবার ভালোভাবে, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ৬ অক্টোবর রবিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রী শ্রী রমনা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজামণ্ডপে নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আট দফা নির্দেশনা মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠানো হয়েছে। দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে। কোথাও কোনো ঘটনা ঘটলে তথ্য তাৎক্ষণিকভাবে যেন পাওয়া যায়, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মাধ্যমে সেই ব্যবস্থাও করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজা উদ্‌যাপন কমিটির মাধ্যমে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। আগে স্বেচ্ছাসেবকেরা রাত ৩টার পর পূজামণ্ডপ থেকে উধাও হয়ে যেতো, এবার তা হবে না। তারা ২৪ ঘণ্টাই দায়িত্বরত থাকবে। স্বেচ্ছাসেবকেরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে এবং তাঁদের মাধ্যমেই বিভিন্ন তথ্য আদান-প্রদান করতে সুবিধা হবে।

Shamol Bangla Ads

পার্শ্ববর্তী দেশের টিভি চ্যানেলগুলোতে পূজা উদ্‌যাপনে বাধা, হুমকি ইত্যাদি সংবাদ প্রচারিত হচ্ছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পার্শ্ববর্তী দেশ অনেক কিছুই বলছে, সেটা আপনারা জানেন। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সত্য ঘটনা মিডিয়ার মাধ্যমে ফুটিয়ে তুলবেন। আমরা সত্যি ঘটনা সবাইকে জানাতে চাই।’

হিন্দুদের নিয়ে বছরের পর বছর যে নীলনকশা ও ষড়যন্ত্র হচ্ছে সেগুলো বন্ধ হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে আপনারাই আমাদের সাহায্য করতে পারেন। আপনারা বিষয়টি জনগণের কাছে ফুটিয়ে তুলতে পারেন। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সব সময় সত্যটা প্রকাশ করুন। যদি কোথাও আমাদের ঘাটতি থাকে, সেটা আমরা ঠিক বা পূরণ করে নেব। কোথাও যদি আমাদের ভুল থাকে আমরা সেটা সংশোধন করে নেব। তিনি বলেন, ‘আমরা যদি ভালো কাজ করি, সেটাও আপনারা ফলাও করে প্রকাশ বা প্রচার করবেন।’

বিগত ১৫ বছরে রামু ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেসব হামলা ও সহিংস ঘটনার বিচার হয়নি সেসব ঘটনার পুনঃতদন্ত ও বিচারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এসব অপকর্মের সঙ্গে যারা জড়িত তাঁদের অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। বর্তমান সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

পরিদর্শনকালে শ্রী শ্রী রমনা কালীমন্দির ও আনন্দময়ী আশ্রম পূজা পরিচালনা পরিষদের আহ্বায়ক অপর্ণা রায় দাস ও সদস্যসচিব বিশ্বজিৎ ভদ্রসহ মন্দিরের পূজা পরিচালনা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!