দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান। ১ অক্ট্রোবর মঙ্গলবার বিকেলে শেরপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলার পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আসন্ন দুর্গোৎসবে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বাহিনী। কাজেই নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা পালন করার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানাই।
হুঁশিয়ারি দিয়ে আশরাফুর রহমান বলেন, কেউ যদি দূর্গাপূজায় কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর রয়েছে। রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও আমাদের পাশে রয়েছেন।

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, জেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত দে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব দাম ঠাণ্ডুসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে আসন্ন দুর্গাপূজায় শেরপুর জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার নিশ্চিত করতে জেলা পুলিশ-কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সকলকে অবহিত করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। পরে ময়মনসিংহ রেঞ্জর ডিআইজি ড. মো. আশরাফুর রহমান সভায় উপস্থিত পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের বিভিন্ন প্রস্তাবনা শুনেন ও সেই মোতাবেক সিদ্ধান্ত প্রদান করেন।

সভা শেষে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অ্যালমনাইদের সাথে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয়ের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে নালিতাবাড়ী থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সরজমিনে আকস্মিকভাবে পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান।




