শেরপুরে জেলা ম্যাজিস্ট্রেসীর উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসীর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে শনিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ।

ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ছালামত উল্লাহ’র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহার, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান প্রমুখ।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, জেলার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ অন্যান্য দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পরোয়ানা জারি ও তামিল, সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আগমন ও ফিরে যাওয়ার নিরাপত্তা, তদন্ত ও অনুসন্ধানে অপ্রত্যাশিত বাধা অপসারণ, সময়মত ও সুস্পষ্ট মেডিকেল রিপোর্ট প্রদান সংক্রান্ত, জেল হাজত হতে বিচারাধীন বন্দীদের সঠিক সময়ে আদালতে উপস্থাপন, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা জারি, আদালত প্রাঙ্গণের নিরাপত্তার পদক্ষেপ, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের নিরাপত্তা, মালখানা থেকে সময়মত আলামত উপস্থাপন, ফৌজদারী বিচার ব্যবস্থার স্বাচ্ছন্দ্য নিস্পত্তির বিষয়ে পুলিশ ম্যাজিষ্ট্রেসীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিস্পিত্তিতে গৃহীত সিদ্ধান্তসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
এর আগে সভায় শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।




