শেরপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও সাবেক এপিপি এ্যাডভোকেট ওয়াসিম উদ্দিন আহমেদ চৌধুরী (৮৪) আর নেই। তিনি ৩০ মার্চ শনিবার বিকেল ৫টায় শহরের মাধবপুরস্থ বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, আমেরিকা প্রবাসী এক ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন।

রবিবার সকাল ১১টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ চাপাতলীস্থ পৌর কবরস্থানে দাফন করা হয়।
পরে দুপুর সাড়ে ১২টায় জেলা ও দায়রা জজ মুহাম্মদ তৌফিক আজিজের সভাপতিত্বে তার এজলাস কক্ষে ফুল কোর্ট ডেথ রেভারেন্স অনুষ্ঠিত হয়। এতে জেলা বিচার বিভাগের সকল পর্যায়ের বিচারকগণ ও আইনজীবীরা অংশ নেন। এদিন আইনজীবীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন।

এদিকে এ্যাডভোকেট ওয়াসিম উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এমকে মুরাদুজ্জামান ও প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার।




