মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর শহরের বাসষ্ট্যান্ডে বারুদ নিয়ে খেলতে গিয়ে ফিরোজ হোসেন (১৬) নামের এক কিশোর আহত হয়েছে। তার হাতের কয়েকটি আঙ্গুল ঝলসে গেছে। আজ সোমবার বেলা সাড়ে এগারটার দিকে নাহিদ আলীর মটর গ্যারেজে এ ঘটনা ঘটে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে মেহেরপুর শহরের পৃথক দুটি স্থান থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। একটি ককটেল উদ্ধার করা হয় মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ফরহাদ হোসেনের দোদুলের ৫নং ওয়ার্ড নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে। নির্বাচনী ক্যাম্পের লোকজন বোমাটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে বেলা ১২টার দিকে বোমাটি উদ্ধার করে পুলিশ। এর আগে সকাল এগারটার দিকে ঘাটপাড়ার হামিদুল ইসলামের বাড়ির সামনে থেকে আর একটি ককটেল উদ্ধার করা হয়। সদর থানার এসআই খান আলী আকবর জানিয়েছেন, ময়লা আবর্জনার মধ্যে ককটেলটি পড়ে ছিল। বোমা দু’টি থানায় নিয়ে নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছে পুলিশ।




