রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ধান ক্ষেত থেকে দিপক কুমার সরকার (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বড়গাছা গ্রামের মৃত মাখন চন্দ্র সরকারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ৭টায় স্থানীয় বাজার থেকে বাড়ীতে যায়। এরপর বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। রাতেই অনেক খোঁজখুজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাড়ী থেকে ৩/৪ ’শ গজ দূরে একটি ধান ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। বিষয়টি পুলিশকে জানালে বেলা পৌনে ১টায় পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তার মৃত্যুর পেছনে জমি-জমার বিষয় থাকতে পারে বলে এলাকাবাসিরা ধারনা করছেন।
রাণীনগর থানার এস আই শাহিন মোঃ অনু ইসলাম জানান, লাশের শরীরে কোন আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মাসউদ চৌধুরী জানান, তদন্ত চলছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।




