ঠাকুরগাঁও প্রতিনিধি : পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি বলেছেন, মানুষের ভোটের অধিকার রক্ষায় আগামী ৫ জানয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবেই। যারা এ নির্বাচনে বাধা দেবে তাদের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা আওয়ামীলীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, সকল নাগরিক যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বিএনপি জামায়াতের উদ্দেশ্যে এসময় তিনি বলেন, সকল স্বাধীনতা বিরোধীদের কুশক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।
সমাবেশে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড.মকবুল হোসেন বাবুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহামুদ চৌধুরী, কৃষক লীগের সাবেক সভাপতি ড. মির্জা জলিল, কেন্দ্রীয় সদস্য এ্যাড. ফজলে বাব্বী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মুহা. সাদেক কুরাইশী প্রমুখ।

সমাবেশে বক্তারা জামায়াত শিবির যেন কোন নাশকতা করতে না পারে সে দিকে তৃণমূল কর্মীদের সজাগ থাকার আহবান জানান। সমাবেশ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবানও জানান বক্তারা।




