শ্যামলবাংলা স্পোর্টস : চ্যালেঞ্জ সিরিজের পর এত দ্রুতই আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের জন্য ধন্যবাদ পাওনা বিসিবির। ফ্র্যাঞ্চাইজিগুলো বা প্রিমিয়ার লিগের ক্লাবগুলো থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়া, মাঠ প্রস্তুতি, রাজনৈতিক অস্থিরতা, এমন অনেক বাধা টপকেই বিজয় দিবস টি-২০ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
বোর্ড পরিচালক খালেদ মাহমুদ জানালেন, বিসিবি প্রধানের ঐকান্তিক প্রচেষ্টাতেই টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে। নিজেদের প্রচেষ্টার কথাও বললেন মাহমুদ, এত ঝামেলার মধ্যে আমরা এই টুর্নামেন্ট আয়োজন নাও করতে পারতাম। কিন্তু ক্রিকেটার ছিলাম বলেই জানি, মাঠের ক্রিকেটে প্রস্তুতি নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। দেশের সেরা ৫৬ জন ক্রিকেটার খেলছে এই টূর্ণামেন্টে, আশা করি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি টুর্নামেন্ট হবে এটি।
প্রিমিয়ার লিগে খেলা ৩ দলের কোচ থাকবেন তাদের লিগের কোচরাই। বোর্ড পরিচালক হিসেবে কাল সংবাদ সম্মেলনে খালেদ মাহমুদ এ টুর্নামেন্টে তাই প্রাইম ব্যাংকের কোচও। আর ইউসিবির কোচ হিসেবে থাকছেন এবারের ঢাকা লিগের চমক প্রাইম দোলেশ্বরের কোচ মিজানুর রহমান।
বাংলাদেশ মানুষের ক্রিকেটপ্রেম নিয়ে সংশয় এমনিতেও নেই। তার পরও নতুন করে প্রমাণ মিলেছে সদ্য সমাপ্ত চ্যালেঞ্জ সিরিজে। অবরোধের মধ্যেও প্রতিদিন ৮-১০ হাজার দর্শক ছিল মিরপুরে। প্রবল আগ্রহের কথা ভেবেই এই টুর্নামেন্টে টিকিটের ব্যবস্থা রাখছে বিসিবি। তবে দামটা সাধ্যের মধ্যেই, সব গ্যালারিতেই ৫০ টাকা। টিভিতে সরাসরি সম্প্রচারের আলোচনাও চলছে। সিলেটেরগুলো না হলেও ঢাকার ম্যাচগুলো সরাসরি সম্প্রচার হবে বলে আশাবাদী বোর্ডপ্রধান নাজমুল হাসান। টুর্নামেন্টের ম্যাচগুলো অফিশিয়াল টি-টোয়েন্টির মর্যাদা পাবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা, রানার্সআপ দল ১০ লাখ, টুর্নামেন্ট-সেরা ১ লাখ। টুর্নামেন্ট ফি হিসেবে ‘এ’ ক্যাটাগরির সব ক্রিকেটার পাবেন আড়াই লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়েরা পাবেন দেড় লাখ টাকা। তবে টাকার অঙ্ক এখানে নিছকই সংখ্যা। টুর্নামেন্টটি সত্যিই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলে বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে সেটি হবে অমূল্য।

টুর্নামেন্টের সূচি ঃ
২২ ডিসেম্বর
আবাহনী-ইউসিবি সিলেট
প্রাইম ব্যাংক-মোহামেডান
২৩ ডিসেম্বর
আবাহনী-মোহামেডান সিলেট
প্রাইম ব্যাংক-ইউসিবি
২৫ ডিসেম্বর
প্রাইম ব্যাংক-আবাহনী সিলেট
ইউসিবি-মোহামেডান
২৬ ডিসেম্বর
আবাহনী-বোর্ড প্রেসিডেন্ট সিলেট
প্রাইম ব্যাংক-মোহামেডান
২৮ ডিসেম্বর
আবাহনী-মোহামেডান মিরপুর
প্রাইম ব্যাংক-ইউসিবি
২৯ ডিসেম্বর
প্রাইম ব্যাংক-আবাহনী মিরপুর
ইউসিবি-মোহামেডান
৩১ ডিসেম্বর ফাইনাল মিরপুর
* প্রথম ম্যাচ দুপুর ১টায়, দ্বিতীয় ম্যাচ বিকেল ৫টায়
* ফাইনাল বিকেল ৪টায়




