শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে নির্বাচন ঘিরে রাজনৈতিক অচলাবস্থার নিরসন হতে পারে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। ৮ ডিসেম্বর রবিবার বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে না থাকলে বিএনপি নির্বাচনে আসতে পারে। কারণ বিএনপির আশংকা নির্বাহী ক্ষমতা শেখ হাসিনার হাতে থাকলে নির্বাচনে কারচুপি হতে পারে। নির্বাচন কমিশনের পূর্বঘোষিত তফসিল পরিবর্তন ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে এবং বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টিও যাবে না- সাক্ষাতকারে এটাও স্পষ্ট করেছেন তিনি।
তিনি বলেন, বিএনপি প্রধান বিরোধী দল। তাদের ছাড়া নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে না। অশান্তি বন্ধ হবে না।
তিনি আরও বলেন, আন্দোলন চলতে থাকবে। মানুষ জ্বলে মরতেই থাকবে। এই অবস্থায় নির্বাচন করা কোনভাবেই সমীচীন নয়। এখন নির্বাচনের পরিবেশ নেই। দেশের এই পরিস্থিতিতে তার দল নির্বাচন করবে না- তার এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং এ সিদ্ধান্ত নিয়ে কোন বিভ্রান্তি থাকা উচিত নয়।




