মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি : সুস্থ্য দেহ সুন্দর মন এ শ্লোগানকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে আন্ত: স্কুল-মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা ২৮মার্চ থেকে রোকনাই হাই স্কুল মাঠে শুরু হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা ও চলন্তিকা ক্রীড়া চক্র যৌথভাবে এর আয়োজন করে। প্রতিযোগিতায় বালক-বালিকাদের পৃথক ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন ও কাবাড়ি পর্ব থাকছে। জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী আব্দুলাহ আল ফুয়াদ রেদওয়ান, কলাবাধা হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ খালেকুজ্জামান জুবেরী, দুরমুঠ ইউপি চেয়ারম্যান সৈয়দ রাশেদ্জ্জুামান অপু মিয়া উপস্থিত থেকে যৌথভাবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ ক্রীড়াবিদ ও ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মিয়া এতে সভাপতিত্ব করেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন-বাফুফের রেফারী, চলন্তিকা ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও আলেয়া আজম কলেজের ফিজিকেল শিক্ষক শফিকুল ইসলাম আলম, রোকনাই হাই স্কুলের প্রধান শিক্ষক আ: সোবহান বিএসসি, ইসলামপুরের ডিগ্রির চর হাই স্কুলের প্রধান শিক্ষক আ: সালাম, দুরমুঠ আ’লীগের সেক্রেটারী গোলাম মোস্তফা সেলিম, প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, ক্রীড়াবিদ শাহজাহান, জিন্নত আলী প্রমুখ।
ভলিবল পর্বে বালক কুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা চ্যম্পিয়ন এবং শেখ রাসেল উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়েছে। অপর দিকে ব্যাডমিন্টন বালক পর্বে কলাবাধা উচ্চ বিদ্যালয় চ্যম্পিয়ন এবং জাঙ্গালিয়া মির্জা আজম দাখিল মাদ্রাসা রানার্স আপ হয়েছে। একই খেলায় বালিকা পর্বে শেখ রাসেল উচ্চ বিদ্যালয় চ্যম্পিয়ন এবং কুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা রানার্স আপ হয়েছে।
২৮মার্চ সকাল ১০টায় ফুটবল পর্বের স্বাগতিক ম্যাচে টনকি জোবায়দা জব্বার হাই স্কুল সিরিঘাট তেঘরিয়া দাখিল মাদ্রাসাকে ১-০ এবং কলাবাধা উচ্চ বিদ্যালয় শেখ রাসেল উচ্চ বিদ্যালয়কে ১-০গোলে পরাজিত করেছে। খেলায় মেলান্দহ ও ইসলামপুর উপজেলার প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশ গ্রহণের কথা রয়েছে।




