মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পুলিশের মুজিব ছায়া প্রকল্পের আওতায় শেরপুরে গৃহহীন পরিবারকে দেওয়ার জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী।

৩ এপ্রিল রবিবার সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ঝাউয়েরচর এলাকায় গৃহহীন মোছা. কাজলী বেগম (৭০) এর জন্য নির্মাণাধীন ঘরের কাজ সরেজমিন পরিদর্শন করেন তিনি। ওইসময় তিনি ঘরের নকশা অনুযায়ী কাজের গুণগত মান রক্ষা এবং ফলজ বৃক্ষরোপণের নির্দেশনা প্রদান করেন।
নির্মাণকাজ পরিদর্শনকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবং মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না- এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর নির্দেশনায় সারাদেশে ‘মুজিব ছায়া’ প্রকল্পের আওতায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রতিটি থানায় একটি করে গৃহহীন পরিবারকে দুই কক্ষ বিশিষ্ট ঘর, একটি বাথরুম, দুটি করে ফ্যান, লাইট ও একটি টিউবওয়েল দেওয়া হচ্ছে। শেরপুর জেলায়ও ৫ জন গৃহহীনকে ৫টি ঘর করে দিচ্ছে জেলা পুলিশ।




