ads

শনিবার , ৪ জুলাই ২০২০ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে উদ্বোধনের পরপরই সেতুর নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিলেন হুইপ আতিক

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৪, ২০২০ ৬:৪০ অপরাহ্ণ

নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে উদ্বোধনের পরপরই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে সেতুর নির্মাণ কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ৪ জুলাই শনিবার দুপুরে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়ারদোকান ও শিমুলতলী এলাকার কজওয়ের উপর দু’টি সেতুর নির্মাণ কাজ উদ্বোধনের পর এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শিমুলতলী এলাকার সেতুটির নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সাংসদ আতিউর রহমান আতিক। ওই সময় সড়কের পাশে নিম্নমানের নির্মাণ সামগ্রীর স্তূপ দেখে তিনি ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

Shamol Bangla Ads

জানা যায়, প্রতি বছর বন্যা ও বর্ষা মৌসুমে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের শেরপুর সদর উপজেলার শিমুলতলী ও পোড়ারদোকান এলাকায় দু’টি কজওয়ে দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় যানবাহন এবং মানুষ চলাচল ও জামালপুর-টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে দীর্ঘসময়। ওইসময়কালে নৌকা দিয়ে যাতায়াত করতে হয় শেরপুরবাসীর। ওই অবস্থার উত্তরণে হুইপ আতিক ওই সড়কের দুটি কজওয়েতে দু’টি সেতু এবং সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)’র শেরপুর-জামালপুর সড়কের পোড়ারদোকান ও শিমুলতলী এলাকায় ১২৫ দশমিক ৪৯৭ মিটার দৈর্ঘ্যরে দু’টি সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ করে। পোড়ারদোকান ও শিমুলতলী এলাকার সেতু দু’টির প্রকল্পব্যয় ধরা হয় ২০ দশমিক ৯২৩ কোটি ও ১৮ দশমিক ৭৫৮ কোটি টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড সেতু দু’টির নির্মাণ কাজ হাতে নেয়।
এলাকাবাসীর অভিযোগ, সেতুর পাইলিংয়ের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী বিশেষ করে ভাল মানের পাথরের পরিবর্তে পূর্বের পাইলিংয়ের কাজের ইট-খোয়ামিশ্রিত পাথর ব্যবহার করা হচ্ছে। ওই সময় হুইপ আতিক নিজেও সেতুর নির্মাণস্থলের সড়কের পাশে স্তূপাকারে রাখা নিম্নমানের পাথর দেখে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন এবং এ জন্য দায়ী সওজ’র তদারকি কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সওজ’র নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন। পরে হুইপ আতিক শিমুলতলী এলাকার সেতুর নির্মাণ কাজ বন্ধ থাকার ঘোষণা দেন এবং নিম্নমানের সামগ্রী পরিবর্তন করে ভালোমানের সামগ্রী আনিয়ে তারপর কাজ শুরুর নির্দেশ দেন।
এ ব্যাপারে শেরপুর সওজ’র নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ বলেন, নিম্নমানের পাথর ব্যবহারের বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ ছাড়া যে কয়টি পাইলিংয়ে ওইসব পাথর ব্যবহার করা হয়েছে সেগুলোর নমুনা পুনরায় পরীক্ষা করে দেখা হবে।

Need Ads