রেজাউল করিম বকুল, (শ্রীবরদী) শেরপুর ॥ শ্যামলবাংলা২৪ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বয়স্ক ভাতার কার্ড পেলেন ৯৬ বছর বয়সী সেই হতদরিদ্র বৃদ্ধা মমেনা বেগম। ২৩ জানুয়ারি বুধবার বৃদ্ধা মমেনার হাতে ওই কার্ড তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর।
মমেনা বেগম ওই কার্ড হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। ওই সময় তিনি বলেন, আপনারা আমারে কার্ড কইরা দিলেন। আল্লায় আপনাগোর ভাল করবে। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন ছালেমের সহায়তায় মমেনার জন্য কম্বলের ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর বলেন, পত্রিকায় সংবাদটি দেখে তার জন্যে কার্ডের ব্যবস্থা করা হয়। ওই সময় তিনি গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান।
জানা যায়, সম্প্রতি শ্যামলবাংলা২৪ডটকম’র বার্তা সম্পাদক ও কালেরকন্ঠ প্রতিনিধিসহ জাতীয় দৈনিকের কয়েকজন প্রতিনিধি মমেনা বেগমের বয়োঃবৃদ্ধ ও দুরাবস্থার খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে তার জীবন-বৃত্তান্ত নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে ওই সংবাদটি প্রশাসনসহ অনেকের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধরের নির্দেশে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরকার নাসিমা আখতার তার নামে বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করেন। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর বৃদ্ধা মমেনার হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন।
উল্লেখ্য, মমেনা বেগম উপজেলার তাতিহাটি ইউনিয়নের ভটপুর গ্রামের মৃত মজিবর আলীর স্ত্রী। তার এক ছেলে, সেও অসুস্থ। অন্যের জমিতে একটি ছাপড়া ঘর তুলে কোনো মতে বসবাস করেন তিনি। এছাড়াও সংবাদটি প্রকাশের ২ দিনের মধ্যে ঢাকা থেকে এক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক বিকাশের মাধ্যমে ওই বৃদ্ধার নামে এক হাজার টাকা পাঠিয়ে দেন। এ নিয়ে গত ১০ জানুয়ারি শ্যামলবাংলা২৪ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে ‘মেলা চেষ্টা করলাম, অহনো এডা কার্ড অইলো না’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।




