সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজায় গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি-১৪ ময়মনসিংহের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মু. মাসুদ রানা। তিনি ১৬ অক্টোবর শুক্রবার বিকেলে শেরপুর জেলা শহরের গোপাল জিউর মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে এসআরবির সাইবার সেল সক্রিয় রয়েছে। সাইবার পেট্রোলিং এর মাধ্যমে গুজব প্রতিরোধ কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, জেলার ১৬৭টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি এসআরবির সদস্যরা টহল কার্যক্রম পরিচালনা করছেন। পূজামণ্ডপকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এসআরবির নিয়মিত টহল বাড়ানোর পাশাপাশি সিভিল পোশাকেও কয়েকটি টিম রয়েছে। পূজা শুরুর পর থেকে বিসর্জন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত এবং দ্রুত আইনের আওতায় আনতে এসআরবি কাজ করছে বলেও জানান তিনি। সাংবাদিক হত্যাকাণ্ডের বিষয়ে অতিরিক্ত ডিআইজি বলেন, নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে এসআরবি। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।

এসময় জামালপুর এসআরবি-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদসহ এসআরবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত চন্দ্র দেসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




