বারকে রাজনীতিমুক্ত ও ভোটে কমিটি গঠনের আহবান জেলা পরিষদ প্রশাসকের
শেরপুর জেলা আইনজীবী সমিতির নয়া কর্মকর্তাদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল সোমবার দুপুরে সমিতির ২নং বার ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ। ওইসময় তিনি বলেন, আমি আইনজীবীর সন্তান। আইনজীবীদের সমস্যা ও দুঃখ-কষ্ট বুঝি। তাই সমিতির উন্নয়নসহ বহুল প্রতীক্ষিত সিজেএম ভবন নির্মাণে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে। তিনি বারকে দলমতের উর্ধ্বে রাখার উপর গুরুত্বারোপ করে রাজনীতিমুক্ত রাখার পাশাপাশি ভোটের মাধ্যমে কমিটি গঠনের আহবান জানান।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নয়া সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, বিদায়ী সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, নয়া সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম নুরে আলম হীরা ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সদস্য অ্যাডভোকেট জাহিদুল হক আধার।
ওইসময় অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন বারের সিনিয়র মোস্ট অ্যাডভোকেট নিতাই লাল হোড়, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদের খান, অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু ও অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু।

উল্লেখ্য, গত ২৯ মার্চ রবিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা আইনজীবী সমিতির ১৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জন বিএনপিদলীয় এবং জামায়াত ও এনসিপিদলীয় ২ জন।




