ads

বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই: তারেক রহমান

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ

নওগাঁয় নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই। জনগণ সঙ্গে ছিল বলে গত ১৭ বছর এত অত্যাচার-নির্যাতনেও বিএনপি আজও টিকে আছে।’ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ শহরের এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার ও রাজনৈতিক সফর কর্মসূচির অংশ হিসেবে উত্তরের জেলা নওগাঁয় আসেন বিএনপির চেয়ারম্যান।

Shamol Bangla Ads

তারেক রহমান বলেন, দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এক পক্ষ দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু আরেকটি পক্ষ আছে, যারা আগে থেকেই তাদের সঙ্গে ছিল। ১৭ বছর তাদের মাঠে-ঘাটে পাওয়া যায়নি। ভেতরে-ভেতরে তাদের সঙ্গেই ছিল। তারা আবারও ভেতরে-ভেতরে ষড়যন্ত্র শুরু করেছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ২০০৮ সালের নির্বাচনে ম্যাজিক দেখানোর মতো খালি বাক্স যেন ভরা বাক্স হিসেবে দেখাতে না পারে, সে জন্য ব্যালট বাক্স পাহারা দিতে হবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘গত ১৭ বছর বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন ও পরিবর্তন হয়নি। আমরা গ্রামের মানুষের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তন করতে চাই। নারীদের ভাগ্য পরিবর্তন করতে চাই। মানুষ যেন নিরাপদে পথে-ঘাটে হাঁটতে পারে এবং নিরাপদে ঘুমাতে পারে, সে লক্ষ্যে কাজ করা হবে। ঢাকার অনেক উন্নয়ন হয়েছে। মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি।’

Shamol Bangla Ads

কৃষকদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘কৃষকদের ভালো রাখলে বাংলাদেশ ভালো থাকবে। এই অঞ্চলে ধানের পাশাপাশি আম চাষ হয়। তবে একটি সমস্যা রয়েছে, সেটি হলো—আম সংরক্ষণের জন্য কোনো হিমাগার নেই। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের উৎপাদিত ফসল কম খরচে ঢাকায় নিতে রেলব্যবস্থার প্রতি গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের সুবিধার জন্য শহীদ জিয়া পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদ মওকুফ করে দিয়েছিলেন। আমরা ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদ মওকুফ করে দেব। দেশের কৃষকদের কৃষি কার্ড প্রদান করা হবে পর্যায়ক্রমে, যা দিয়ে ফসলের যাবতীয় বীজ-সার পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যাতে তাদের অর্থনৈতিক ভিত্তি শক্ত হয় এবং প্রাকৃতিক ক্ষতি মোকাবিলা করতে পারে।’

নারীদের উদ্দেশে তারেক রহমান বলেন, মায়েদের স্বাস্থ্যসেবার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে; যা দিয়ে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে একটা সুবিধা দেওয়া হবে। গ্রাম-গঞ্জে মায়েরা ভালো চিকিৎসাসেবা পান না। এ জন্য গ্রামে হেলথকেয়ার করা হবে। এতে ছোট অসুখ ঘরে বসে নিরাময় করতে পারবেন।

শিক্ষিত বেকারদের উদ্দেশে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘লেখাপড়া করলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে, এমন না। খেলোয়াড়ও হতে পারে। এ জন্য স্কুল থেকে খেলা শিখতে হবে এবং বিদেশে গিয়ে সুনাম অর্জনসহ অর্থনৈতিকভাবে আয় করতে পারেন। সারা দেশে অনেক শিক্ষিত ছেলে-মেয়ে আছে। যেহেতু এটা কৃষি অঞ্চল এবং কলকারখানা আছে, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করলে তাদের কর্মসংস্থান বাড়বে। আইটি সেক্টরে গুরুত্ব দেওয়া হবে। বিভিন্ন বিদেশি কোম্পানির সঙ্গে কথা হয়েছে, তারা বাংলাদেশে আসতে চায়। সেখানে আইটি অভিজ্ঞরা কাজ করতে পারবেন।’

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সমবায়বিষয়ক সম্পাদক নাজমুল হক সনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু, নওগাঁ জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি ইলিয়াস তুহিন, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও মান্দা থানা বিএনপির সভাপতি আব্দুল মতিন, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, জেলা বিএনপির সভানেত্রী সাবিনা আক্তার পলি, সদর বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, যুবদল নেতা শামিনুর রহমান শামিম প্রমুখ।

এ ছাড়া নওগাঁ-১ আসনের প্রার্থী মোস্তাফিজ রহমান, নওগাঁ-২ আসনের শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের জাহিদুল ইসলাম ধলু ও নওগাঁ-৬ আসনের প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম এবং জয়পুরহাট-১ আসনের প্রার্থী মাসুদ রানা প্রধান ও জয়পুরহাট-২ আসনের আব্দুল বারী বক্তব্য দেন।

Need Ads
error: কপি হবে না!