বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উন্নয়নকাজের অর্থ আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৭ আগস্টবৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুদকের মামলায় বেরোবির সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

জানা যায়, ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য ছিলেন। তিনি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে গত ১৮ জুন সাবেক ২ উপচার্য কলিমউল্লাহ এবং এ কে এম নূর-উন-নবীসহ ৫ জনের বিরুদ্ধে এই মামলা করে দুদক। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে অধ্যাপক এ কে এম নূর-উন-নবী দায়িত্ব পালন করেন ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত।




