শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৭০০ গ্রাম গাজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ জুন শুক্রবার ভোরে উপজেলার গোবিন্দ কালিনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার গোবিন্দ কালিনগর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আল আমিন (২৪) ও বাঘবেড় চরপাড়া গ্রামের মৃত মোজাফফর আলীর ছেলে আজিজুর রহমান কালু (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘবেড় ইউনিয়নের গোবিন্দ কালিনগর এলাকায় অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাজাসহ আল আমিন ও কালু নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭০০ গ্রাম গাজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




