২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে ২৭ জুন চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি। ১৩ জুলাই বৃহস্পতিবার ১০ দলের ১০ অধিনায়কের ছবি দিয়ে একটি পোস্ট করেছে আইসিসি। সেখানে বাংলাদেশের অধিনায়ক হিসেবে আছেন তামিম ইকবালও।

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম ইকবাল। অবশ্য অবসর ঘোষণার ৩০ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আবারও ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তামিম। দেড়মাসের বিরতি দিয়ে এশিয়া কাপে দিয়েই মাঠের লড়াইয়ে ফেরার কথা তার। অধিনায়ক বা বিশ্বকাপের জন্য দল ঘোষণা না হলেও বিশ্বকাপের ১০ দল চূড়ান্ত হয়েছে। বাছাইপর্ব থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে শ্রীলংকা ও নেদারল্যান্ডস।
১৩তম বিশ্বকাপ সামনে রেখে এরই মধ্যে প্রচারণাও শুরু করেছে আইসিসি। আজ সামাজিকমাধ্যমে ১০ দলের অধিনায়কের ছবি প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্টের আগে হয়তো ১০ অধিনায়ককে একবিন্দুতে মেলাবে আইসিসি।

জানা যায়, আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের ১৩তম আসর। গত ২৭ জুন বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে ৬ ভেন্যুতে নির্ধারিত হয়েছে বাংলাদেশের ৯টি ম্যাচ। তারা ২টি করে ম্যাচ খেলবে কলকাতা, পুনে ও ধর্মশালায়। এছাড়া একটি করে ম্যাচ খেলবে বেঙ্গালুরু, মুম্বাই ও চেন্নাইতে।









