নিজেদের প্রিয় ফরম্যাটে আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হার বাংলাদেশের জন্য বড় ধাক্কা। কারণ ২০১৫ সাল থেকে ঘরের মাঠে এই ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ছাড়া কোন দলের কাছে সিরিজ হারেনি টাইগাররা।

সীমিত ওভারের ক্রিকেটে সব সময়ই শক্তিশালী দল আফগানিস্তান। তারপরও এই ফরম্যাটে বাংলাদেশের কাছে তারা বড় প্রতিপক্ষ ছিলো না। এই সিরিজের আগে, জয়-হারের হিসেবে এগিয়ে ছিলো বাংলাদেশই। ৭টিতে জয় এবং চারটিতে হার ছিলো বাংলাদেশের।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে জয়-হারের ব্যবধান কমিয়ে এনেছে আফগানিস্তান। তবে এটি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ থাকলেও দুই ম্যাচ হার অস্বস্তিতে বাংলাদেশ দলকে অস্বস্তিতে ফেলবে না। এমনটাই মনে করেন সহকারী কোচ নিক পোথাস।
পোথাস বলেন, ‘শেষ দুই ম্যাচে ওদের পারফরম্যান্সের কথা বলা হচ্ছে। এটাই আসলে মূল ব্যাপার। সবাইকে এটা ভুললে হবে না আমরা বিশ্বমানের ক্রিকেটারদের দুই ম্যাচের ফলে মাপছি। আমরা ভুলে যাচ্ছি আগে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে ওরা কী করেছে।’

লম্বা সময় ধরে দল ভালো পারফর্ম করছে। সেই দিকেই বেশি মনোযোগী পোথাস বলেন, ‘আমাদের উচিত ওদেরকে লম্বা সময়ের জন্য মাপা। এখানে সবাই দ্রুত ফল চায় কিন্তু ক্রিকেটে ফলটা লম্বা সময়ে আসে। তাই ক্রিকেটারদের লম্বা সময়ের ফলে মাপা উচিত।’
আফগানদের বিপক্ষে সফরকারীদের স্পিন আক্রমণ ভুগিয়েছে বাংলাদেশ দলকে। সেই কৃতিত্ব আফগান বোলারদের দিয়ে বলেন, ‘সত্যি বলতে বর্তমানে বিশ্বের সেরা স্পিন অ্যাটাক আফগানিস্তানের। তাদের ৩ স্পিনার সাদা বলের ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলে। এখন সারা বিশ্বেই খেলে বেড়াচ্ছে। তাদের মতো খেলোয়াড় থাকা একজন অধিনায়কের স্বপ্ন। তবে এই চ্যালেঞ্জ নেওয়াটা আমাদের জন্য এডভান্টেজ। কারণ এটা আমাদের আরও ভালো করে তুলবে। এই লেভেলের স্পিন মোকাবেলা করার পর আপনি যে কাউকে মোকাবেলা করতে পারবেন।’









