শেরপুরে হেরোইনসহ মো. রাসেল মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে আটকের পর তাকে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২১ নভেম্বর সোমবার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা বাজার এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন ওই দণ্ডাদেশ প্রদান করেন।

রাসেল নকলা উপজেলার মাউরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পরে আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত রাসেলকে জেলা কারাগারে পাঠানো হয়।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজার এলাকায় এক মাদক কারবারি বিক্রির উদ্দেশে মাদক নিয়ে ঘোরাফেরা করছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এএসআই মো. মজিবর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা কানাশাখোলা বাজার এলাকায় অভিযান চালায়। ওইসময় প্রথমে রাসেল মিয়াকে আটক করার পর তার হেফাজত থেকে ৬ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

সংবাদ পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কানাশাখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাসেল মিয়াকে দোষী সাব্যস্ত করে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন দণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।








