টাইব্রেকারে ৪-৩ গোলে চ্যাম্পিয়ন গড়কান্দা একাদশ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়েছে মার্সেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। প্রায় ১০ হাজার দর্শকের উপস্থিতিতে ১৯ নভেম্বর শনিবার বিকেলে শহরের সরকারি তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

নালিতাবাড়ী পৌর ক্রীড়া সংস্থার আয়োজনে ও মার্সেল এক্সক্লুসিভ ডিলার মেসার্স রুনা ইলেকট্রনিক্সের সহযোগিতায় ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্সেল ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান ও চিত্র নায়িকা অপু বিশ্বাস।
ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মার্সেল এক্সক্লুসিভ ডিলার মেসার্স রুনা ইলেকট্রনিক্সের সত্বাধিকারী সামিউল হক,পৌর ক্রীড়া সংস্থার সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক রবিন প্রমুখ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে যুব মুসলিম সংঘ ও গড়কান্দা একাদশ। নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য থাকায় টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারণ করা হয়। এতে যুব মুসলীম সংঘকে ৪-৩ গোলে পরাজিত করে গড়কান্দা একাদশ বিজয়ী হয়। পরে বিজয়ী দলকে মার্সেলের একটি ফ্রিজ এবং রানার্সআপ দলকে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি দেওয়া হয়। এছাড়াও উভয় দলকে পৌরমেয়র আবু বক্কর সিদ্দিকের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।









