পল পগবার কাতার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। চোট থেকে সেরে না ওঠায় শেষ হয়ে গেল তার বিশ্বকাপে খেলার ক্ষীণ সম্ভাবনাও। বিশ্বকাপের আগে হাঁটুর চোট কাটিয়ে ফরাসি মিডফিল্ডারের সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তার এজেন্ট। আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় এই আসরের।

গত জুলাইয়ে লস অ্যাঞ্জেলেসে জুভেন্টাসের অনুশীলনে হাঁটুর চোটে পড়েন পগবা। শুরুতে চোট গুরুতর মনে না হলেও পরে জানা যায়, অস্ত্রোপচার করতে হবে তার এবং বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে এই ফরাসি মিডফিল্ডারের। সেপ্টেম্বরে পায়ের অস্ত্রোপচার করানো হয় পগবার। ধারণা করা হচ্ছিল বিশ্বকাপের আগেই সেরে উঠবেন তিনি।
পগবার এজেন্ট রাফায়েলা পিমেন্তা সংবাদমাধ্যমকে জানান, ‘তুরিনো ও পিটসবার্গে কাল এবং আজ তার শারীরিক অবস্থা মূল্যায়নের পর জানাতে খুব কষ্ট হচ্ছে যে, অস্ত্রোপচার থেকে সুস্থ হয়ে উঠতে আরও সময় লাগবে পল পগবার। এ কারণে বিশ্বকাপের আগে জুভেন্টাসের স্কোয়াডে এবং কাতারে ফ্রান্স জাতীয় দলের সাথেও তিনি যোগ দিতে পারবেন না।’

ফুটবল বিষয়ক এক ফরাসি অনুষ্ঠানে পগবার এজেন্ট রাফায়েলা পিমেন্তা বলেন, বিশ্বকাপের আগে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই ২০১৮ বিশ্বকাপ জয়ী তারকার। তিনি জানান, খবরটি জানানো অত্যন্ত দুঃখজনক যে অস্ত্রোপচার থেকে সেরে উঠতে পগবার আরও সময় লাগবে। এই কারণে বিশ্বকাপ বিরতির আগে পল (পগবা) ইউভেন্তুস স্কোয়াডে যোগ দিতে পারবে না বা কাতারে ফ্রান্স দলেও থাকবে না।
গত জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে যোগ দেওয়ার পর চলতি মৌসুমে ক্লাবটির হয়ে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি পগবা। গত বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেছিলেন এই ফরাসি তারকা। এর আগে চোটের কারণে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যান আরেক ডিফেন্সিভ মিডফিল্ডার এনগোলো কান্তে।









