শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুক চিরে বয়ে যাওয়া ভোগাই নদীর পানি কমতে শুরু করেছে। ফলে শীতের শুরুতেই পলো দিয়ে মাছ ধরার উৎসবে মেতেছে উপজেলার প্রায় তিনশতাধিক মৎস্য শিকারি।

রবিবার উপজেলার খরস্রোতা ভোগাই নদীতে সকাল থেকে বিকেল পর্যন্ত পলো দিয়ে মাছ শিকার করেছেন স্থানীয়রা। তবে সনাতন পদ্ধতিতে পলো দিয়ে মাছ শিকারের দৃশ্যগুলো এখন অনেকটা বিলুপ্তির পথে।
রোববার দুপুরে পৌরশহরের খালভাঙ্গা এলাকায় গিয়ে দেখা যায়, শিকারে আসা প্রত্যেকের মাথা ও কোমরে গামছা বাঁধা। আর হাতে পলো। প্রায় তিনশতাধিক মাছ শিকারিকে ভোগাই নদীতে অনেকটা আনন্দ নিয়েই মাছ ধরতে দেখা যায়। দলবদ্ধভাবে মাছ শিকারের এ দৃশ্য দেখতে নদীর দুই তীরে ভিড় জমায় উৎসুক মানুষ। সারিবদ্ধ হয়ে পলো দিয়ে ধরেছেন শৈল, বোয়াল ও টাকি মাছ।নদীর অল্প পানিতে একটি দল একদিকে পলো নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। অপরপ্রান্ত থেকেও সারি বদ্ধ দল পলো চাপিয়ে মাছ ধরতে ধরতে সামনে এগিয়ে আসেন।

মাছ শিকারে আসা ইয়াছিন আলী বলেন, বছরের এই দিনের জন্য অধীর আগ্রহে থাকি। সবাই মিলে একসঙ্গে মাছ ধরার আনন্দটাই আলাদা। দিন দিন পরিবেশ ও আবহাওয়ার কারণে নদী-নালা, খাল-বিল, ভরাট হয়ে যাওয়ায় পানি হ্রাস এবং অধিকাংশ জলাশয় ইজারা দেয়ায় পলো উৎসব এখন অনেকটাই ভাটা পড়েছে।
স্থানীয় সাংবাদিক মান্নান সোহেল বলেন, এক সময় নদী-নালা, খাল-বিলে উৎসব করে পলো দিয়ে মাছ শিকার করতো মানুষ। সেই সংস্কৃতি এখন হারিয়ে যাচ্ছে। আগামী প্রজন্মকে জানান দিতে এসব সংস্কৃতি টিকিয়ে রাখা প্রয়োজন।






