নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে গোল বন্যায় ভাসিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। অপেক্ষা ছিল শিরোপা নির্ধারণী ম্যাচে সাবিনাদের প্রতিপক্ষ কে হয় সেটির। সন্ধ্যায় সেই প্রতীক্ষার অবসান ঘটিয়েছে নেপাল। ঘরের মাঠে দ্বিতীয় সেমিফাইনালে ৫ বারের চ্যাম্পিয়ন ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিকরা।

প্রথমার্ধের ইনজুরি সময়ে রেশমার করা গোলে এগিয়ে গিয়েছিল নেপাল। ওই গোল ধরে রেখে মাঠ ছেড়েছে হিমালয়ের কন্যারা। ভারত শত চেষ্টা করেও নেপালের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেনি।
ভারতের বিদায়ে এই প্রথম নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই টুর্নামেন্ট। আগের ৫ আসরের চ্যাম্পিয়ন ভারত ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ কিংবা নেপালের ঘরে যাচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

নেপাল এ নিয়ে ৫ বার এই টুর্নামেন্টের ফাইনাল খেলবে। আগের চারবারই ফাইনালে তারা হেরেছে ভারতের কাছে। আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
বড় ব্যবধানে জয়ের পর বাংলাদেশ কোচ গোলাম রব্বানি ছোটন বলেন, আমি আমার মেয়েদের অভিনন্দন দিতে চাই। ওরা এই ম্যাচ জেতার জন্য বদ্ধপরিকর ছিল। যে পরিকল্পনা ছিল, সেটা ওরা মাঠে করে দেখিয়েছে। দুর্দান্ত ম্যাচ খেলেছে আজ।
ফাইনালের প্রত্যাশা নিয়ে বলেন, প্রথম লক্ষ্য ছিল ফাইনাল, সেটা পূরণ হয়েছে। এখন ট্রফি জিততে চাই। এরপর উদযাপন করতে চাই।









