আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শ্রী মুকুল বোস ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২ জুলাই শনিবার ভোর ৫টা ২০ মিনিটে চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা শ্রীমুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

জানা গেছে, মৃত্যুকালে মুকুল বোসের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রেখে গেছেন। আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়। এর আগে তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।









