আর্জেন্টাইন তারকা মেসির একার আগুনে পুড়েছে এস্তোনিয়া। তার পায়ের জাদুর কাছে মাথা নত করেছে র্যাংকিংয়ে নিচের দিকে থাকা দলটি। পিএসজি তারকা একাই করেছেন পাঁচ গোল। এতে নতুন নজিরও গড়ে ফেললেন আর্জেন্টিনার তারকা। ম্যাচটি ৫-০ জেতে আর্জেন্টিনা । এ নিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকল আর্জেন্টিনা।

এর আগেও পিএসজি তারকা পেশাদার ক্যারিয়ারে আরও একবার একই ম্যাচে ৫ গোলের নজির গড়েছিলেন। ২০১২ সালের সেই ম্যাচে বার্সেলোনার জার্সিতে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ৫ গোল করেছিলেন তিনি। সেই ম্যাচটি চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনাল ছিল। সেটি ছিল তার প্রথম ৫ গোল। এবার দেশের জার্সিতে একই নজির গড়লেন তিনি। ক্লাব এবং দেশের হয়ে একক ম্যাচে ৫ গোল করা নিঃসন্দেহে বিরল কৃতিত্ব।
ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন তিনি। দ্বিতীয় গোলটি করেন প্রথমার্ধের শেষ বাঁশির আগে। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করা শুরু করেন তিনি। ৪৭ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। চতুর্থ গোলের দেখা পেতে একটু দেরি হয়। ৭১ মিনিটে দলকে ৪-০ গোলে এগিয়ে নেন। পুরো ৯০ মিনিট খেলা মেসি ৭৫ মিনিটে করেন পঞ্চম গোল। বাকি ১৫ মিনিট তাকে আটকে রেখে এস্তোনিয়া ডাবল হ্যাটট্রিক বঞ্চিত করে মেসিকে।
এদিন ৫ গোল করে ব্রাজিলের কিংবদন্তি পেলেকে টপকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। মেসির এখন ক্লাব এবং দেশের হয়ে ৭৬৯টি গোল রয়েছে। যেখানে রোনালদোর মোট গোলসংখ্যা ৮১৩। পেলে তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ৭৬৭টি গোল করেছিলেন।









